সরকারি রাজস্ব জমায় ডিজিটাল অগ্রগতি: চালু হলো ‘এ-চালান’ সেবা
শুল্ক-কর পরিশোধে এনবিআরের ‘এ-চালান’ চালু, ঘরে বসেই সম্ভব এখন রাজস্ব জমা
নতুন অর্থবছরের শুরুতেই শুল্ক ও কর পরিশোধে আধুনিকতা আনলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে চালু হয়েছে ওয়েবভিত্তিক ‘এ-চালান’ সিস্টেম, যা ব্যবহার করে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে অনলাইনে যেকোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।
শনিবার (৫ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআর ও অর্থ বিভাগের যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে। ‘এ-চালান’ ব্যবস্থায় ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে অনলাইনে শুল্ক-কর জমা দেওয়া যাবে।
এ ব্যবস্থা চালুর ফলে করদাতারা এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক ও কর জমা দিতে পারবেন। একই সঙ্গে, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলেও দ্রুততম সময়ে তা ট্রেজারিতে জমা হবে এবং পণ্য খালাসে সময় কমে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ চালান ব্যবস্থায় করদাতারা অনলাইনে অর্থ জমা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চালান রসিদ নম্বর পাবেন, যা প্রদর্শন করে পণ্য বন্দর থেকে খালাস করা যাবে। এর ফলে আর দীর্ঘসূত্রতা বা অপেক্ষার অবকাশ থাকছে না।
এনবিআরের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমকে অর্থ বিভাগের আইবাস++ (IBAS++) সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে চালান ব্যবস্থাটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে ট্রেজারিতে অর্থ জমার বিষয়টি সম্পূর্ণ অটোমেটেড এবং তাৎক্ষণিক হবে।
এনবিআর জানায়, আগে দিনের নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে পরিশোধ করা শুল্ক-কর কোষাগারে পৌঁছাতে একাধিক দিন লেগে যেত, যা সরকারকে তাৎক্ষণিক অর্থ ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি করত। এখন থেকে ‘এ-চালান’ ব্যবস্থায় জমাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারিতে জমা হবে এবং সরকার দ্রুত ওই অর্থ ব্যবহার করতে পারবে।
এই উদ্যোগকে এনবিআর দেশের রাজস্ব ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। এতে করদাতার সময় ও খরচ কমার পাশাপাশি সরকারের অর্থপ্রবাহে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment